প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ পিএম

পছন্দের আংটি না মেলায় ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকা মান্দানাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়নি বিজয় দেবেরাকোন্ডার। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে একসঙ্গে হাজির হয়ে নিজেদের প্রেম ও বিয়ের নানা মজার ঘটনা তুলে ধরেন এই তারকা দম্পতি।
অনুষ্ঠানের প্রোমোতে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, তিনি রাশমিকাকে কখনো বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না। জবাবে রাশমিকা জানান, এমন কোনো প্রস্তাব তিনি পাননি। পরে বিজয় বলেন, রাশমিকা নাকি এক বছর ধরে প্রায় ১০০ বার তাঁকে বিয়ের কথা বলেছিলেন। রাশমিকাও হাসিমুখে বিষয়টি স্বীকার করেন।
বিজয় জানান, ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে পছন্দমতো আংটি না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। রাশমিকার জীবনের বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন বলেও জানান অভিনেতা।
শেষ পর্যন্ত গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ের আয়োজনের সংগীত অনুষ্ঠান শেষে বন্ধুদের সামনে হাঁটু গেড়ে বসে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়। ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। দীর্ঘদিনের জল্পনার পর তাঁদের বিয়ে ও ব্যক্তিগত জীবনের নানা গল্প নিয়ে ভক্তদের আগ্রহ এখনো অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি