প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পিএম

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। আহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতরা হলেন—মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।
জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। আর গুরুতর আহত হন চালক। পরে তাঁকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ