প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজো বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ গোলাগুলি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলছিল বলে জানিয়েছে পুলিশ। এর আগে অবরোধের মধ্যে আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটক সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। তবে উজো বাজার এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পড়েন তাঁরা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পর্যটকবাহী গাড়িবহর সাজেক থেকে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে উজো বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা সড়কে অবস্থান নিয়ে গাড়িবহরের চলাচল আটকে দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে বেলা ১১টার দিকে গাড়িবহর ওই এলাকা ছাড়ে। এর প্রায় আধা ঘণ্টা পর সেখানে গোলাগুলি শুরু হয়। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন বুধবার থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়। নিরাপত্তার কারণে রাঙামাটি জেলা প্রশাসনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। অবরোধকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া। তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। অবরোধের কারণে পর্যটকদের আগাম বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি খাদ্যসামগ্রী পরিবহন ও স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারাও।
স্বদেশ প্রতিদিন/এস পি