প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ AM

নাটোরের সিংড়া উপজেলার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে উঠান বৈঠক করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রশিদ প্রামাণিক। বৈঠকে স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আব্দুর রশিদ প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে রাজপথে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদান মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন হাতিয়ান্দহ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়কসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, স্থানীয়দের একটি অংশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রশিদ প্রামাণিককে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ