প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ AM

বলিউডে অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায়ও বড় বিনিয়োগ রয়েছে অভিনেতা রণবীর কাপুরের। সম্প্রতি ভারতের পুনেতে নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী, ফ্ল্যাটটি থেকে আগামী তিন বছরে প্রায় ১ কোটি ৭৫ লাখ রুপি আয় হবে তাঁর। সম্পত্তিসংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা সিআরই ম্যাট্রিক্সের নথিতে এ তথ্য উঠে এসেছে।
পুনের কালিয়ানি নগরের ট্রাম্প টাওয়ার্সে অবস্থিত ৬ হাজার ৯৪ বর্গফুটের ফ্ল্যাটটির মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ রুপি। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ভাড়া বাড়বে ৫ শতাংশ করে। গত ৬ অক্টোবর চুক্তিটি নিবন্ধিত হয়, যার মেয়াদ ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। ২০১৫ সালে ১১ কোটি রুপির বেশি ব্যয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর।
এ ছাড়া চলতি বছরের মে মাসে অযোধ্যায় সরযূ নদীর তীরে ‘দ্য সরযূ’ আবাসন প্রকল্পে ২ হাজার ১৩৪ বর্গফুটের একটি জমি ৩ কোটি ৩১ লাখ রুপিতে কেনেন তিনি। পুনের মুলশি তালুক এলাকায় প্রায় ২৫ একরজুড়ে চারটি প্লট কিনতেও তাঁর ব্যয় হয়েছে ১৬ কোটি ৪২ লাখ রুপি। এর আগে মুম্বাইয়ের পালি হিলের একটি ফ্ল্যাট পাঁচ বছরের জন্য ভাড়া দেন অভিনেতা। ওই ফ্ল্যাটের মাসিক ভাড়া ১১ লাখ রুপি। অভিনয়ের পাশাপাশি আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে নিয়মিত আয়ের পথও তৈরি করছেন এই বলিউড তারকা।
স্বদেশ প্রতিদিন/এস পি