প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।
মো. সেকুল ইসলাম খান কেন্দুয়া প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও তিনবারের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি একজন ঠিকাদার ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত।
নবগঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীকে ধন্যবাদ জানান সেকুল ইসলাম খান। তিনি বলেন, ‘তিনি একজন শিক্ষাবান্ধব সংসদ সদস্য। নির্বাচনের আগে দেওয়া তাঁর প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছেন।’
সেকুল ইসলাম খান আরও বলেন, কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় ইতিমধ্যে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এটিও সংসদ সদস্যের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। তাঁর সহযোগিতায় অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে সেই শিক্ষা হতে হবে অবশ্যই সুশিক্ষা।’ মাদক, ইভ টিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে সচেতনতামূলক আলোচনা সভার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন নতুন সভাপতি।
সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এডহক কমিটির সভাপতি হিসেবে মো. সেকুল ইসলাম খানের নাম পাঠানোর পর বোর্ড কর্তৃপক্ষ তাঁকে মনোনীত করে ১৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে।
তিনি আরও বলেন, ‘মো. সেকুল ইসলাম খান একজন শিক্ষাবান্ধব ব্যক্তি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি