প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পিএম

হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। দলটির নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি।
আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের ফলের ওপর নির্ভর করবে পরবর্তী ধাপে কোন প্রতিযোগিতায় খেলবে দলগুলো।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দলগুলো মূল শিরোপার সেমিফাইনালে উঠবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলোর জন্য রয়েছে বোল প্রতিযোগিতা।
বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে অধিনায়ক আবু হায়দার রনি ছাড়াও রয়েছেন সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।
বাংলাদেশের স্কোয়াড: আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।
স্বদেশ প্রতিদিন/এস পি