প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০১ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ১২:১০ PM

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া ও শাশুড়ি করফুলের নেছাকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের একটি মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পাঁচ-ছয় বছর আগে কামাল হোসেন ও তানিয়ার বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি মেয়েকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যান কামাল। তবে সেখানে থাকার জায়গা না পেয়ে পাশের একটি মাদ্রাসার মাঠে ঘুমাতেন তিনি।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার শ্বশুরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রোববার রাতে মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামালকে তাঁর সাবেক স্ত্রী তানিয়া, শ্যালক আকাশ ও শাশুড়ি করফুলের নেছা ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি