লাকসামে চার উপজেলার ১২০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ১:৪৯ PM

কুমিল্লার লাকসামে চার উপজেলার ১২০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) লাকসাম পৌরসভা অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করে লাকসাম প্রেস ক্লাব।
গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির বাংলাদেশ সংবাদদাতা ও ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল।
লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুছ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন।
প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, ফিচার রাইটিং, সাংবাদিকতার নীতিমালা এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, তথ্যের নির্ভরযোগ্যতা, পেশাগত সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষকেরা।
পাঠক ও দর্শকের কাছে বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে সময়োপযোগী সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে একটি করে ব্যাগ, প্যাড ও কলম উপহার দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি