প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম

মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
তিনি বলেছেন, মাদকের কারণে দেশের বহু তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার ও সমাজ। তাই মাদকের বিস্তার রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
শনিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়ার চাঁদপুর বাজারে পুকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাপ্পা বলেন, 'মাদক ব্যবসা বন্ধ করা, মাদকসংক্রান্ত অপরাধ দমন—এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান বিএনপি সরকারও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ জন্য পরিবার, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।'
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, 'আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। মাদক থেকে দেশের যুবসমাজ ও তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে দেশকে মাদকমুক্ত করতে হবে। আমরা এ প্রচেষ্টা অব্যাহত রাখব এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর হব।'
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাঁশখালীর সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, রামদাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলাল, বাঁশখালী কোর্টের পিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন নূরী এবং বিএনপি নেতা নুরুল আজিম, মনির উদ্দিন ময়ুর, মাঈনুল হক পলাশ, শাহাদাত, মোতালেব ও আশফাকসহ অনেকে।
স্বদেশ প্রতিদিন/এস পি