প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে তাঁর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক ছিলেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক আইন জোরদার করা, মানবাধিকার রক্ষা এবং সংঘাত ও সহিংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন পিল্লাই। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার বিষয়টিও তাঁর কাজের গুরুত্বপূর্ণ অংশ।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছিলেন। তাঁদের মধ্যে এক-চতুর্থাংশের বেশি ছিল বিভিন্ন সংস্থা। সম্ভাব্য বিজয়ী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানের জরুরি সহায়তা দল, ইউক্রেনে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং কয়েকটি আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানের নাম আলোচনায় ছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন।
এর আগে ২০২৫ সালে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। দেশটিতে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি