প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৫৮ পিএম

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু করেছে ব্যাংকটি। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা তাঁদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাবেন।
রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি জানান।
এ সময় গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া আগামী ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন গভর্নর।
স্বদেশ প্রতিদিন/এস পি