প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:২২ পিএম

বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ভুল ধারণা কেটে গেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে রোববার (১১ অক্টোবর) তিনি এ কথা জানান।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দলে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুসহ সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম ছিলেন।
এ ছাড়া প্রতিনিধি দলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াও ছিলেন। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধির অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে দেশের ভূমিকা আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি