প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ AM

ঝালকাঠির রাজাপুরে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর খিঁচুনি দেখা দিয়েছে ছয় মাস বয়সী শিশু নিরব হোসেনের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার মাথায় রক্তক্ষরণের কথা জানিয়েছেন বলে পরিবারের দাবি। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অর্থাভাবে শিশুটির চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিরব ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকার জেলে নজরুল ইসলামের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নজরুল জীবিকার তাগিদে বর্তমানে সাগরে মাছ ধরতে রয়েছেন। ফলে অসুস্থ সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিরবকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নিউমোনিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ খিঁচুনি শুরু হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির দাদি হাসিনা বেগম জানান, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিরবের মাথায় রক্তক্ষরণের কথা জানিয়েছেন। তাকে বাঁচাতে দ্রুত ঢাকায় স্থানান্তর করে আইসিইউতে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় নিরবের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং দানশীল প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের আশা, সবার সহযোগিতায় শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
সহায়তা পাঠানোর ঠিকানা
শিশু নিরবের চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠানো যাবে পরিবারের দেওয়া বিকাশ নম্বরে।
বিকাশ (পার্সোনাল): 01757694043
পরিবারের পক্ষ থেকে নিরবের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি