প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে আইন ভঙ্গ করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকেরা। এ বিষয়ে সতর্ক করে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (১০ অক্টোবর) এক বার্তায় এ সতর্কতার কথা জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়েছে, শারীরিক আক্রমণ, চুরি এবং জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে ভ্রমণ করতে যাওয়া বিদেশি পর্যটক ও অন্যান্য ভ্রমণকারীদের কাছ থেকেও স্থানীয় আইন মেনে চলার প্রত্যাশা করে মার্কিন কর্তৃপক্ষ।
এ কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করার জন্য বিদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
স্বদেশ প্রতিদিন/এফএইচ