প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম

বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। রোববার (১১ অক্টোবর) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। নতুন দামে ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
স্বর্ণের এসব দাম প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের হিসাবে নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণালংকার কেনার সময় নির্ধারিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি যুক্ত হতে পারে।
বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬২ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি