
বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে সড়কের পাশের ড্রেনে পড়ে দুমড়েমুচড়ে গেছে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি। এতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কক্সবাজার শাখার ১১ কর্মী আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ১৬ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান রানা, আলীকদম প্রতিনিধি জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, বিকন ফার্মাসিউটিক্যালসের কক্সবাজার শাখায় কর্মরত ৪০ জনের একটি প্রতিনিধি দল একাধিক চাঁদের গাড়িতে করে পর্যটনে বের হন। বান্দরবান হয়ে থানচি ঘুরে তাঁরা আলীকদমে ফিরছিলেন। পথে ১৬ কিলো এলাকায় পৌঁছালে বহরে থাকা একটি গাড়ির ব্রেক ফেল করে বলে জানা গেছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাহাড়ে ধাক্কা খেয়ে সড়কের পাশের ড্রেনে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে দুই টুকরো হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে থিংকুপাড়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাড়ি থেকে বের করে আনেন। পরে তাঁদের চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন রাকিবুল ইসলাম (২৬), এশা আক্তার (২৬), রেজাউল ইসলাম (২৯), সুমন মিয়া (২৭), মৌসুমি আক্তার (২৭), ইসমাইল হক (৩১), মাসুক আহমেদ (২৮), মাহমুদ হোসেন (২৮), আল আমিন (৩৫), মো. কাইয়ুম (৪১) ও আবুল বাশার (২৭)। তাঁরা ঢাকা, কক্সবাজার, ময়মনসিংহ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। চাকরির সুবাদে তাঁরা কক্সবাজারে অবস্থান করছিলেন।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিউল আলম বলেন, দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রত্যেককে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ৫ অক্টোবর বান্দরবানের থানচি-তিন্দু সড়কে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি উল্টে দুজন নিহত ও পাঁচজন আহত হন। বিকেল সাড়ে ৩টার দিকে তিন্দু বাজার স্কুলের আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াবলু (৩৫) ও জসিম ওরফে পলিশ (৩৭) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা ছিলেন। তাঁরা খুটাখালী থেকে আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে গিয়েছিলেন। দুর্ঘটনার পর ৩৮ বিজিবির সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়ায় পাঠাতে সহায়তা করেন।
মাত্র পাঁচ দিনের ব্যবধানে বান্দরবানের পাহাড়ি পর্যটন রুটে দুটি দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটল। এতে পাহাড়ি সড়কে পর্যটকবাহী যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্গম ও আঁকাবাঁকা সড়কে চলাচলকারী চাঁদের গাড়ির যান্ত্রিক সক্ষমতা, ব্রেকের কার্যকারিতা এবং নিরাপদ গতিতে চলাচল নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আলীকদমের সর্বশেষ দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি