প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম

ঝালকাঠির রাজাপুরে পশ্চিম ইন্দ্রপাশা মোহাম্মাদিয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্থানীয় দরগাবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেমের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে প্রধান শিক্ষকের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর একাংশ।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম ইন্দ্রপাশা মোহাম্মাদিয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী শিক্ষক ইব্রাহিম, স্থানীয় বেল্লাল ফকির, শাহ আলম ফকির, রিপন ফকির, মিতু, ঝুমুর, জব্বার তালুকদার (৬০), মজিদ ফকির ও শারমিনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগটি ভিত্তিহীন দাবি করে বলেন, মাওলানা আবুল হাশেমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে শিক্ষককে সম্মানজনকভাবে কর্মস্থলে ফিরিয়ে আনার এবং তাঁর সামাজিক মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে, ভুক্তভোগী শিশু ও তাদের পরিবারের অভিযোগ, সকালে আরবি ও ধর্মীয় শিক্ষা দেওয়ার সময় ওই দুই শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন প্রধান শিক্ষক। ঘটনার পর থেকে শিক্ষার্থীরা মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় এবং বিষয়টি পরিবারকে জানায়। পরবর্তীতে অভিভাবকেরা দরগাবাড়ী জামে মসজিদের সভাপতিকে বিস্তারিত অবহিত করেন।
এ বিষয়ে দরগাবাড়ী জামে মসজিদের সভাপতি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি তাঁকে জানানো হলে তিনি মাদ্রাসা কমিটিকে খতিয়ে দেখতে বলেন। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে মাওলানা আবুল হাশেম কাউকে কিছু না জানিয়েই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও আত্মগোপনে থাকায় মাওলানা আবুল হাশেমের কোনো মতামত পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ