প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর মিনি-নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে নাম উঠেছিল ১৫৬ জন ক্রিকেটারের। সেখানে ছিলেন নাহিদ রানা। তবে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
তবে এ বছরের শুরুতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু ঠিকঠাক থাকলে রিশাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তবে নাহিদ এবারও টুর্নামেন্টে খেলতে পারবেন না।
নিলামে নাহিদের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড, যা বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার বেশি। ১৫৬ জনের তালিকায় ৯৫ জন দক্ষিণ আফ্রিকান এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার ছিলেন।
তারকা ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড ও ফাফ ডু প্লেসিস দল পেয়েছেন। আছেন ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার ও টেম্বা বাভুমাও।
ছয় দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি জায়গা খালি ছিল। এসব জায়গা পূরণ করতে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র্যান্ড খরচ করা যেত। এর মধ্যে সুপার কিংসের জন্য একটি ওয়াইল্ড কার্ডও রয়েছে, যা দলের নির্ধারিত স্যালারি ক্যাপের অংশ নয়।
তবে ডারবানের সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস এবারের নিলামে অংশ নেয়নি। আগে থেকেই তাদের ১৯ জনের স্কোয়াড পূর্ণ ছিল।
এসএ২০-এর মৌসুম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। আগের মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ২১ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল।
স্বদেশ প্রতিদিন/এফএইচ