প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে আঠারদানা গ্রামের স্কুলছাত্রী স্মৃতি আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সুমনের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের আঠারদানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গফরগাঁও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে আঠারদানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্মৃতি আক্তারের স্বজনসহ স্থানীয় গ্রামবাসীরা অংশ নেন। এ সময় তারা ‘শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যাকারী সুমনের বিচার চাই’ এবং ‘ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি চাই’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আঠারদানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রিপন, সাবেক মেম্বার কামাল সরকার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সুমনের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে মামলাটির বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা।
জানা যায়, ২০১৮ সালে শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যার শিকার হন। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর তাকে হত্যা করে একটি ভাঙা ঘরের চালে বেঁধে রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি