প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি
বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।