প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি
বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল মিয়াকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আমতলী পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, আমতলী পৌরসভার চলমান একটি উন্নয়ন প্রকল্পের ঠিকাদার শেখ নোমান রেজা, উপসহকারী প্রকৌশলী রুবেল মিয়ার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে দুদক আজ দুপুরে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ঠিকাদারের কাছ থেকে ঘুষের এক লাখ টাকা গ্রহণ করলে রুবেল মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার পকেট থেকে ওই টাকা জব্দ করা হয়।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে তিনি জানতে পারেন, অভিযুক্ত প্রকৌশলী কেবল এক ঠিকাদারের কাছ থেকেই নন, বরং আমতলী পৌরসভার প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্প থেকেই নিয়মিত ঘুষ গ্রহণ করতেন। এর মাধ্যমে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
আটক মো. রুবেল মিয়াকে আপাতত আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে দুদক।