প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্বেচ্ছাসেবক নিয়োগ, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তৎপরতা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন পূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি