প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম

নাট্য সংগঠন বটতলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দলটির ১৭তম প্রযোজনার নাটক ‘সখী রঙ্গমালা’।
বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হয়। ‘সখী রঙ্গমালা’র আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তি ‘চৌধুরীর লড়াই’-এ। প্রজন্মান্তরে লোকমুখে প্রচলিত ও নন্দিত এই লোকজ আখ্যান নতুন ভাষ্য পেয়েছে শাহীন আখতারের উপন্যাস ‘সখী রঙ্গমালা’য়।
বটতলায় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় ‘সখী রঙ্গমালা’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আলী হায়দার।
নাটক ‘সখী রঙ্গমালা’য় দেখানো হয়েছে—ভালোবাসাই বেঁচে থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে-প্রকৃতিতে। ভালোবাসা বা প্রেমের কোনো গণ্ডি নেই, একে কোনো বিশেষ ছকে বাঁধা যায় না। তথাকথিত শত্রুর জন্যও যে মন ব্যাকুল হয়, তাকেও যে আঁকড়ে ধরে একটি গোটা জীবন পার করা যায়, তাকে কামনা করা যায়—হিংসা নয়, বরং ভালোবাসাতেই যে মুক্তি আসে, তেমন এক দর্শন নিয়েই নাটকটি নির্মিত।
নারী-পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে, ‘সখী রঙ্গমালা’ দর্শকের মনে তেমনই এক আভাস দিয়ে যাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।
বৃহস্পতিবার একই সময় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দেশ নাট্যদলের পঞ্চম প্রযোজনার নাটক ‘এবং অবশেষে’।
স্বদেশ প্রতিদিন/এফএইচ