প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ পিএম

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযানে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল সরদার (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কবিরকাঠী গ্রামের কুমারখালী-রাজাপুরগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই সম্মিতের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১২৪ পিস ইয়াবাসহ খলিল সরদারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি কবিরকাঠী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ