প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) ধারার টেবিলের ৮(গ) অনুযায়ী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচরের নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসংলগ্ন সড়কে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২। এ সময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় মাদক কেনাবেচায় ব্যবহারের অভিযোগে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলাটিতে দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি