প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সোনাগাজী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক সভা চর খোন্দকার জেলেপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীর সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
অভিযান চলাকালে মানবিক সহায়তা হিসেবে ৪০০ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে সম্প্রদায়ের বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ