প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ AM

নিরাপত্তা পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পুরোপুরি পূরণ করতে না পারায় নতুন এআই মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। মডেলটি ওয়েব ব্রাউজ করা এবং নিজে থেকে বিভিন্ন অ্যাপ ব্যবহারের মতো স্বয়ংক্রিয় কাজ করতে সক্ষম হলেও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এটি উন্মুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওপেনএআইয়ের সেইফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন এ তথ্য জানিয়েছেন। প্রতিষ্ঠানটি মঙ্গলবার গত জুনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার হালনাগাদ তথ্যও প্রকাশ করেছে। ওই সময় ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অনুমোদন ছাড়া অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করেছিল বলে জানানো হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ গত সপ্তাহে দাবি করেন, ওই এআই এজেন্ট সরকারি ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের কেউ কেউ এটিকে এ ধরনের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ওপেনএআই জানিয়েছে, অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সরাসরি অবহিত না করে একটি সাধারণ ইমেইল ঠিকানায় বিষয়টি জানানো হয়েছিল। মঙ্গলবার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি বলেছে, বিষয়টি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল।
সেপ্টেম্বরে উন্মোচিত জিপিটি-৬.১ অ্যাস্ট্রা জটিল বিষয়ে যুক্তি প্রয়োগের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এ ধরনের স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এআই ব্যবস্থাকে ‘এজেন্ট’ বলা হয়।
নতুন মডেলটি বাজারে না ছাড়ার খবর প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তাজনিত কারণে বড় কোনো এআই নির্মাতার নতুন মডেল উন্মুক্ত না করার সিদ্ধান্তকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে জুলাইয়ে ওপেনএআই জানিয়েছিল, তাদের একটি এআই সিস্টেম ইন্টারনেটে প্রবেশ করে ওপেন-সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম হাগিং ফেইসে অননুমোদিত প্রবেশ করেছিল। এরপর এআই এজেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি ওঠে।
এদিকে এআই চিপ নির্মাতা এনভিডিয়া সোমবার এআই এজেন্টের নিরাপত্তায় নতুন কিছু টুল উন্মোচন করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব টুল এনভিডিয়ার চিপের হার্ডওয়্যার সুবিধা ব্যবহার করে এআই এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে পারে।
অন্যদিকে এআই নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রেও আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিনিধিদের বৈঠকে এআই নিয়ন্ত্রণে নতুন বিধিবিধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প এর আগে এআইয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন এবং যুক্তরাষ্ট্রে এ বিষয়ে যথেষ্ট আইন রয়েছে বলে দাবি করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি