
সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ঝিলমিল প্রকল্পের আওতায় ১০ একর জমিতে ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে সেখানে অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর করা হবে। কাজ শেষ হলে বাসগুলো নতুন স্থানে সরিয়ে নেওয়া হবে।
তিনি জানান, চুনকুটিয়ায় ডিপো নির্মাণের জন্য সরকার ১০ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছে। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে সেখানে আরও প্রায় ৭৫ একর জমি পাওয়ার পরিকল্পনা রয়েছে। এসব জমিতে স্থায়ীভাবে বাস টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাসসহ বিভিন্ন ধরনের পরিবহন পর্যায়ক্রমে সেখানে স্থানান্তর করা হবে। বাদামতলী আড়তের ট্রাকসহ অন্যান্য ট্রাকও সেখানে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরের সময়সীমা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এ কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ তিন মাস সময় নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দুই টার্মিনালের বাসগুলো চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।
মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সব কার্যক্রম শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্যে পরিচালনা করাই তাঁদের লক্ষ্য। কেউ অনিয়মের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রাজধানীতে অসহনীয় যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় নগরবাসী অতিষ্ঠ। এ পরিস্থিতির পরিবর্তন চান সবাই।
তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালে যে পরিবর্তন আনা হচ্ছে, পর্যায়ক্রমে ফুলবাড়িয়া, গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকার সড়কে যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো এবং সড়ক আটকে বাস দাঁড় করিয়ে রাখার সমালোচনা করে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এ ধরনের ব্যবস্থা কেউ চায় না এবং তা চলতে দেওয়া হবে না।
স্বদেশ প্রতিদিন/এফএইচ