
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমাজ থেকে মাদক দূর করতে সরকার কাজ করছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে এবং মাদক থেকে দূরে থাকে, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চায় সরকার। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবনের ফলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
তিনি আরও বলেন, বাংলাদেশে মাদক উৎপাদিত হয় না। প্রতিবেশী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক প্রবেশ করিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে কোনো তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীকেও নিজেদের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে না পারে।
টুকু বলেন, মাদক নির্মূলে তাঁরাও বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন। বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক এবং সরকারি পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ সদর, দেলদুয়ার, মির্জাপুর, গোপালপুর, বাসাইল ও ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ