প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:৩৩ পিএম

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে একই সঙ্গে দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যে কোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। বৃহস্পতিবারই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সূত্রগুলো জানিয়েছে।
বিএনপির একজন নীতিনির্ধারকের বরাত দিয়ে জানা গেছে, মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মিষ্টি ওই হামলা ও ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর সরকারও বিষয়টি তদন্তের কথা জানিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা নিয়ে আলোচনা চলার মধ্যেই বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। মিষ্টি এই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। কমিটি বিলুপ্তির পর তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছিল, এর আগে বুধবার রাত পর্যন্ত মিষ্টি পদত্যাগের কোনো নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেছিলেন। এরপর বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার তথ্য জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি