প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৫ AM

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আবদুল মন্নান হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করেছে তাঁর স্বজনেরা। নিখোঁজ হওয়ার দুদিন পর বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল মন্নান উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাঁকে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বলেন, ‘হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা সঙ্গে সঙ্গে চেষ্টা চালিয়েও তাঁকে খুঁজে পাননি।’
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। কাঁঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, নদীতে তীব্র স্রোত ছিল। খবর পেয়ে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালায়। তবে রাত হয়ে যাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিনের অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
এরপর নিখোঁজের দুদিন পর বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা নিজস্ব ট্রলার নিয়ে বিষখালী নদীতে আবারও খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে নিখোঁজ হওয়ার ঘটনাস্থলের কাছেই তাঁর লাশ ভেসে ওঠে। পরে স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদ্রাসা কমপ্লেক্স মাঠে জানাজা শেষে আবদুল মন্নানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি