প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম

যশোর শহরের ঘোপ এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ ওরফে অনিক নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক হানিফ ওরফে অনিক কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত অপর আসামি তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোজ্জাম্মেল সাগর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক পিলু খান সড়কের কাজী নাইমুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তার এফজেড ভার্সন-২ মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান। ভোরে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সোমবার সকালে থানায় অভিযোগ করেন তিনি।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে হানিফ ওরফে অনিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, ওই মোবাইল ফোনের কথোপকথন পর্যালোচনা করে সাগরের নাম পাওয়া যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে সাগর পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, অনিক ও সাগরসহ তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। চক্রটির কেউ মোটরসাইকেল চুরি করেন এবং অন্যরা কৌশলে সেগুলো বিক্রি করেন।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ