প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় একই দিনে ডেঙ্গু-চিকনগুনিয়া ও জলাতঙ্ক প্রতিরোধসহ তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু-চিকনগুনিয়া মুক্ত পৌরসভা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। স্প্রেয়ার মেশিনের মাধ্যমে বিভিন্ন স্থানে মশার লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে জলাতঙ্ক রোগ প্রতিরোধে করণীয় এবং নিরাপদ ও মানসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘Stronger Together—একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ ফারুকী, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ আরও অনেকে।
স্বদেশ প্রতিদিন/এস পি