প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। পাত্র অভিনয় জগতের কেউ নন, তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মিমি।
এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলতি বছরের দুর্গাপূজার পর আইনি প্রক্রিয়ায় বিয়ে করতে পারেন মিমি। এরপর নভেম্বরে রেজিস্ট্রি এবং ডিসেম্বরে মূল বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে বলেও দাবি করা হচ্ছে। এমনকি ঘনিষ্ঠজনদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণের কাজও শুরু হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
বর্তমানে মিমি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারণা নিয়ে। সম্প্রতি সিনেমাটির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হলে সেখানে উঠে আসে অভিনেত্রীর বিয়ের প্রসঙ্গ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নির্মাতা সৃজিত মুখার্জি। তবে মিমির পাত্র কে—সেটি জানার চেয়ে বিয়ের খাবারের মেনু নিয়েই বেশি আগ্রহ দেখান তিনি।
মিমির বিয়ের খবর ও পাত্রের বিষয়ে জানতে চাওয়া হলে সৃজিত বলেন, ‘লোকে বলছে কার সঙ্গে বিয়ে হবে, কিন্তু আমার চিন্তা অন্য। আমি ভাবছি বিয়ের মেনুতে ফিশ ওরলি থাকবে কি না। আমার কিন্তু মেনু নিয়েই চিন্তা। ফিশ ফ্রাই যদি হয়, তবে ফিশ ওরলি থাকবে কি না। মাটন হলে সেটা কি ভুনা হবে, নাকি কষা—এসব ভাবছি।’
সৃজিতের এমন মন্তব্যে কিছুটা অবাক হয়ে মিমি বলেন, ‘আমি তো নিরামিষাশী মানুষ।’
অভিনেত্রীর মুখে নিরামিষের কথা শুনে পাল্টা প্রশ্ন করেন সৃজিত। তিনি বলেন, ‘তোর বিয়েতে আমিষের কোনো আয়োজন থাকবে না? তুই বল, গণমাধ্যমের সামনে তুই বল তোর বিয়ের মেনুতে আমিষ থাকবে।’
এরপর বিষয়টি এড়িয়ে মিমি জানতে চান, ‘আমার বিয়ে নিয়ে কথা কেন হচ্ছে?’ জবাবে সৃজিত জানান, তিনি মিমির বিয়ে নিয়ে নয়, মূলত বিয়ের খাবারের পদ নিয়েই আগ্রহী।
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ততার মধ্যেই মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। নৌবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার বিয়ের আলোচনা চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করলেও এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
স্বদেশ প্রতিদিন/এস পি