প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে অভিযোগ পাওয়ার পর প্রশাসন ও পুলিশের সহযোগিতা নিয়েছে নোয়াখালীর হাতিয়ার কিশোর-কিশোরী ক্লাব। অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে পুলিশ। সংশ্লিষ্টদের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ক্ষিরোদিয়া এলাকায় ইভটিজিং ও মাদকসেবনের অভিযোগের তথ্য পান তমরদ্দি ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক দীপা মজুমদার। পরে তিনি বিষয়টি হাতিয়া পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের আওতাধীন এ.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত শিক্ষক মনজুর হোসেনকে জানান।
বিষয়টি জানার পর মনজুর হোসেন তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরে প্রশাসনের নির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তমরদ্দি ইউনিয়নের আনসার দলনেতা মো. আলী আজগরও বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট হিসেবে পূর্ব ক্ষিরোদিয়া এলাকার মো. রবিন উদ্দিনের নাম উঠে এসেছে।
কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকরা জানান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরিতে তারা নিয়মিত কাজ করছেন। কোনো অপরাধ বা অনিয়মের তথ্য পেলে তা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।
স্থানীয়দের মতে, অপরাধের বিরুদ্ধে নীরব না থেকে সময়মতো প্রশাসনকে তথ্য দেওয়ার এই উদ্যোগ কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ