প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম

রাজধানীর ইসিবি চত্বরের মানিকদীর নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিউগিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম।
তিনি বলেন, শনিবার রাতে একদল লোক সংঘবদ্ধভাবে সেখানে এসে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা, অপারেশন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন।
মাহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি জানান, গ্রেপ্তার তিনজনের একজন মামুন। তাঁর বাড়ি গফরগাঁও এবং তিনি ভাষানটেক বস্তিতে থাকেন। আরেকজন আসলাম, তাঁর বাড়ি টাঙ্গাইল এবং তিনি অটোরিকশাচালক। তৃতীয়জন মুন্না, তিনিও ভাষানটেক বস্তিতে থাকেন।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে আরও তথ্য পাওয়ার পর হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। জমির দখল-বেদখল নিয়ে কোনো বিরোধ এ ঘটনার পেছনে রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ