প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৭:৫৮ PM

পাবনায় টলি গাড়ির চালকের নেওয়া অগ্রিম দাদনের টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে মন্টু শেখ (মন্টু) নামে এক টলি মহাজনকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আহত মন্টু শেখ চর কোশাখালী মহুরীপাড়া গ্রামের ছালাম শেখের ছেলে। পরিবারের অভিযোগ, টলি গাড়ির চালক রাব্বি মহাজন মন্টু শেখের কাছ থেকে অগ্রিম হিসেবে ৩০ হাজার টাকা দাদন নিয়েছিলেন। পরবর্তীতে অন্য একজন টলি মহাজন সোহাগের গাড়ি চালানোর জন্য রাব্বিকে ওই টাকা ফেরত দিয়ে মন্টুর গাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, বিষয়টি নিয়ে আলোচনা শেষে রাব্বি মন্টু শেখকে দাদনের ৩০ হাজার টাকা ফেরত দিতে সম্মত হন। আগামীকাল রবিবার টাকা ফেরত দেওয়ার কথা বললেও টাকা ফেরত দেননি মন্টু শেখ। এরপর রাব্বির অনুরোধে টাকা ফেরতের বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে তারা মনে করেছিলেন।
তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে রাত আনুমানিক ১২টার পর টলি মহাজন সোহাগসহ কয়েকজন ব্যক্তি মন্টু শেখের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মন্টুর পরিবারের অভিযোগ, পূর্ববিরোধ ও টলি গাড়ির চালককে নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে মন্টু শেখের পরিবার। পরিবারের দাবি, হামলার ঘটনায় তারা এখনো থানায় মামলা করার সাহস পাচ্ছেন না।
তবে অভিযুক্ত সোহাগ বা তার সঙ্গে থাকা ব্যক্তিদের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ