প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও মনিটরিং সেল কাজ করবে।
নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনি মাঠের পরিবেশ বর্তমানে ভালো রয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী, আজ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ