
বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও ফ্যাশন অঙ্গনের তারকাদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারও বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ‘ইভাঞ্জেল চার্চ সেন্টার’-এ অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে নেপথ্যে থেকে সহযোগিতা করবেন যুক্তরাষ্ট্রের উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। আয়োজনে আরও সহযোগিতা করবেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।
এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও ফ্যাশনসহ বিভিন্ন অঙ্গনে অবদান রাখা তারকাদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি থাকবে তারকাদের পরিবেশনা ও সংগীত পরিবেশন।
ইতোমধ্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, চঞ্চল চৌধুরী, শাকিব খান, শিরীন শিলা, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া, দীঘিসহ আরও অনেকে।
প্রথমবারের মতো ঢালিউড অ্যাওয়ার্ড উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন শারমিনা সিরাজ সোনিয়া। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এর আগে এই অনুষ্ঠানের উপস্থাপনা করার সুযোগ হয়নি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি।
শারমিনা সিরাজ সোনিয়া জানান, অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত থাকবেন, সম্মাননা গ্রহণের পাশাপাশি সম্মাননা প্রদান এবং পারফরম্যান্সেও অংশ নেবেন। অন্যান্য শিল্পীর অংশগ্রহণও চূড়ান্ত হয়েছে। তবে কারা এবারের সম্মাননায় ভূষিত হবেন, তা অনুষ্ঠানের দিন জানানো হবে বলে জানান তিনি।
ঢালিউড অ্যাওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। তিনি জানান, ‘মনপুরা’ সিনেমা মুক্তির পর ২০১০ সালে প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন। এরপর আরও কয়েকবার এই আয়োজনে অংশ নিয়েছেন। এবারের আয়োজনের জন্যও তিনি শুভকামনা জানিয়েছেন।
অভিনেত্রী স্পর্শিয়াও এবারের আয়োজনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে তাঁর আত্মীয় থাকায় নিয়মিত সেখানে যাতায়াত হয়। চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন এবং আবারও অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবেন।
এদিকে বর্তমানে কানাডায় অবস্থান করছেন অভিনেত্রী শিরীন শিলা। অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংগীতশিল্পী রিজিয়া পারভীনও ঢালিউড অ্যাওয়ার্ডের এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন। এর আগেও তিনি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এবারও গান দিয়ে দর্শকদের বিনোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে সর্বশেষ অংশ নিয়েছিলেন শাকিব খান। প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে তাঁর অংশগ্রহণ অনুষ্ঠানের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি