
মুক্তির এখনও প্রায় এক বছর বাকি। এরই মধ্যে গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘রাকা’। আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি কুমারের প্রথম যৌথ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযুক্তিগত ক্ষেত্রেও এসেছে নতুন সাফল্য।
প্রযোজনা সংস্থা সান পিকচার্স সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘রাকা’র একটি দৃশ্যে একই সময়ে রিয়্যাল টাইমে ৩৭ জন অভিনেতার গতিবিধি ক্যামেরাবন্দি করা হয়েছে। ভারতীয় সিনেমায় প্রযুক্তিগত দিক থেকে এ ধরনের কাজের ঘটনা এটিই প্রথম বলে দাবি করা হয়েছে।
হাতে গিনেসের সনদ আল্লু অর্জুনের
এই অর্জনের পর আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি কুমারের একটি ছবি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। ছবিতে আল্লু অর্জুনের হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ দেখা যায়।
গিনেস বিশ্বরেকর্ডের ওয়েবসাইটেও এই রেকর্ডের উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
‘রাকা’ নিয়ে প্রশংসা নির্মাতাদের
মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিছুদিন আগে সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে প্রশংসা করেন দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তী।
তিনি জানান, অ্যাটলি তাকে সিনেমাটির কয়েকটি দৃশ্য দেখিয়েছেন। সিবি চক্রবর্তীর দাবি, ‘অ্যাভাটার’ সিনেমার মতো প্রযোজনাতেও তিনি এমন দৃশ্য দেখেননি। ‘রাকা’র দৃশ্যগুলো অসাধারণ বলেও মন্তব্য করেন তিনি।
গীতিকার বিবেকও সিনেমাটি নিয়ে প্রশংসা করেছেন। তার দাবি, ‘রাকা’র মতো সিনেমা তিনি এর আগে মূলত হলিউডেই দেখেছেন।
প্রথম ঝলকেই ভিন্ন রূপে আল্লু অর্জুন
গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে ‘রাকা’র প্রথম ঝলক প্রকাশ করা হয়। সেখানে অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যায়।
প্রথম ঝলকে আল্লু অর্জুনের মাথায় চুল ছিল না, চোখে ছিল কাজল এবং মুখে রহস্যময় অভিব্যক্তি। তার হাতেও দেখা যায় পশুর মতো নখ। এই ভিন্নধর্মী লুক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বাড়তে থাকে।
পরিচালক অ্যাটলি কুমার জানিয়েছিলেন, ‘রাকা’ তার কাছে কেবল একটি সিনেমা নয়। প্রায় ১৮ বছর ধরে একটি ভাবনা তিনি মনে লালন করেছেন। সময়ের সঙ্গে সেই ভাবনাই ধীরে ধীরে ‘রাকা’ সিনেমার রূপ নিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি