
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও যৌন হেনস্তার অভিযোগে সাবেক কুস্তিগির ও অভিনেতা সৌরভ গুর্জরকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছে আদালত। মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।
তবে সৌরভের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্ট হায়দরাবাদের গাচিবাউলি থানায় ২৯ বছর বয়সী এক নারী সৌরভের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই নারীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ২০২১ সালে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে ভারত ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই তাদের যোগাযোগ ও সম্পর্ক অব্যাহত ছিল।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার সরাসরি সৌরভের সঙ্গে দেখা হয় ওই নারীর। পরে সৌরভ তাকে জানান, তিনি আগে থেকেই বিবাহিত। তবে এরপরও ওই নারীকে ভবিষ্যতে বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিতেন বলে অভিযোগ করা হয়েছে।
তরুণীর অভিযোগ
অভিযোগকারী দাবি করেন, সৌরভ তাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া এবং ভবিষ্যতে একসঙ্গে সংসার করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি যোগাযোগ বন্ধ করে দিতেন।
ওই নারীর আরও অভিযোগ, সৌরভ বিভিন্ন সময়ে তাকে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দিতেন এবং কোনো পূর্বাভাস ছাড়াই যোগাযোগ বিচ্ছিন্ন করতেন। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ করেছেন।
এ ছাড়া সৌরভের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেন তিনি।
অভিযোগকারী আরও জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ তার সঙ্গে ছিলেন। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। সৌরভ তাকে হায়দরাবাদে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করলেও সম্পর্কসংক্রান্ত সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন ওই নারী। এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশের তদন্ত
অভিযোগের ভিত্তিতে গাচিবাউলি থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা করেছে। প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এই ধারার আওতাভুক্ত।
গাচিবাউলি থানার পরিদর্শক কে সাইদুল সৌরভের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছিল।
পুলিশের দাবি, ১৭ সেপ্টেম্বর রাতে মধ্যপ্রাচ্য থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা সৌরভকে আটক করেন। পরে গাচিবাউলি থানার একটি দল তাকে হায়দরাবাদে নিয়ে যায়। আদালতে হাজির করার পর তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়।
অভিনয়জীবন
সৌরভ গুর্জর কুস্তির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছেন। ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ ভীম চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।
পরে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ সিনেমায় ‘জোর’ চরিত্রেও অভিনয় করেন সৌরভ। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ