প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম

সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার অনলাইনে এমন সমালোচনার বিরুদ্ধে কথা বলেছেন বলিউড অভিনেতা সালমান খান। তাঁর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।
‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান বলেন, সন্তান জন্মের পর একজন নারীর ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক বিষয়। এ কারণে কাউকে ট্রল করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সালমান আরও বলেন, ক্যাটরিনা যখন আবার সিনেমায় ফিরবেন, তখন নিজের মতো করে ফিট হয়ে ফিরবেন। এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে সময় কাটানোই গুরুত্বপূর্ণ।
সালমানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর প্রশংসা করেন। জেন-জি সংস্কৃতিতে জনপ্রিয় ‘পুকি’ শব্দ ব্যবহার করে কেউ কেউ অভিনেতার প্রতি সমর্থন জানান। কেউ কেউ তাঁকে ‘গ্রিন ফ্ল্যাগ’ বলেও মন্তব্য করেন।
ট্রলিং নিয়েও কথা
শুধু ক্যাটরিনাকে নিয়ে অনলাইন ট্রলিং নয়, তারকাদের শারীরিক গঠন ও বয়স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য নিয়েও কথা বলেন সালমান।
নিজের বয়স ৬০ বছর হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র সময়কার চেহারা ধরে রাখা সম্ভব নয়। ট্রোলারদের জবাব দিতে একপর্যায়ে ক্যামেরার সামনে শার্ট ও টুপি খুলে মেকআপ মুছে নিজের স্বাভাবিক চেহারা দেখান তিনি।
এ ছাড়া অভিনেত্রীদের শরীরের বিভিন্ন অংশের অনুপযুক্ত ছবি তোলার জন্য পাপারাজ্জিদেরও সমালোচনা করেন সালমান।
সালমান-ক্যাটরিনার সম্পর্ক
সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসময় প্রেমের সম্পর্কে ছিলেন বলে দীর্ঘদিন ধরে বলিউডে আলোচনা ছিল। পরে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়।
এরপর ক্যাটরিনার সঙ্গে অভিনেতা ভিকি কৌশলের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালে তারা বিয়ে করেন। গত নভেম্বরে এই দম্পতি প্রথম সন্তানের বাবা-মা হন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ