প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন মাত্র ৩৫ সদস্যের একটি সংক্ষেপিত প্রতিনিধিদল। সফরের সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি নিশ্চিত করতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় অব্যাহত রেখেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, এবারের সফরে জাতিসংঘের নির্ধারিত কর্মসূচিগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সফরসঙ্গীদের তালিকায় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী ও রাজনৈতিক প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী চার মন্ত্রীর মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিনিধিদলে স্থান পেয়েছেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জোর দিয়ে বলেন, "নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও নিরাপত্তার বড় একটি দায়িত্ব থাকে। সে লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছি, যাতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়।"
নিউইয়র্কে অবস্থানের সময়সীমা নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সচিব স্পষ্টভাবে উল্লেখ করেন, সফরের মূল লক্ষ্য হলো কাজের গুণগত মান ও কার্যকারিতা। তিনি জানান, জাতিসংঘের কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর সফল সম্পাদনে যতটুকু সময়ের প্রয়োজন, প্রধানমন্ত্রী ঠিক ততটুকুই নিউইয়র্কে অবস্থান করবেন। সফরের দিনসংখ্যার চেয়ে সময়ের কার্যকর ব্যবহাড়ই এখানে মুখ্য বিষয়।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ঐতিহ্য বজায় রেখে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভাষণ প্রদান ও আন্তর্জাতিক বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
স্বদেশ প্রতিদিন/এস পি