প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১ পিএম

যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন ২০২৭ সালের ‘গুড ইউনিভার্সিটি গাইড’-এ বর্ষসেরা বিশ্ববিদ্যালয় বা ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে। মর্যাদাপূর্ণ এই গাইডের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী অক্সফোর্ড ও কেমব্রিজ—উভয় বিশ্ববিদ্যালয়কেই পেছনে ফেলে এই অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
দ্য টাইমস ও দ্য সানডে টাইমস প্রকাশিত এই জাতীয় র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ইম্পেরিয়াল কলেজ তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, কেমব্রিজ চতুর্থ এবং অক্সফোর্ড পঞ্চম স্থানে অবস্থান করছে। উল্লেখযোগ্য যে, গুড ইউনিভার্সিটি গাইডের ৩৩ বছরের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো অক্সফোর্ড ও কেমব্রিজ শীর্ষ তিনের বাইরে অবস্থান করছে। এই র্যাঙ্কিংয়ে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় প্রথম এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) দ্বিতীয় স্থান অধিকার করেছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডন সামগ্রিক সেরার পাশাপাশি আরও দুটি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি স্নাতকদের চাকরির সুযোগের দিক থেকে সেরা বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা শিক্ষার জন্য ‘মেডিকেল স্কুল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে। গাইডের তথ্য অনুযায়ী, কলেজটির ৯০.৪ শতাংশ শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় শ্রেণির উচ্চতর ফল অর্জন করেন এবং ৯৩ শতাংশ স্নাতক উচ্চ দক্ষতার চাকরি কিংবা উচ্চশিক্ষায় যুক্ত হওয়ার সুযোগ পান। এছাড়া প্রথম বর্ষ শেষে ৯৫.৯ শতাংশ শিক্ষার্থী পরবর্তী বর্ষে পড়াশোনা চালিয়ে যান, যা প্রতিষ্ঠানটির উচ্চশিক্ষার মান ও সাফল্যের একটি বড় নিদর্শন।
স্বদেশ প্রতিদিন/এস পি