
কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের ৬৪ জেলার চাহিদার বিপরীতে টিএসপি, ডিএপি ও এমওপি সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দসংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমে সম্ভাব্য চাহিদা বিবেচনায় আগাম সার আমদানি, মজুত, পরিবহন এবং মাঠপর্যায়ে নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের বরাদ্দপত্র অনুযায়ী, অক্টোবর মাসে ৬৪ জেলার টিএসপি সারের চাহিদা ৭০ হাজার ৫২ মেট্রিক টন। ডিএপির চাহিদা ১ লাখ ৫০ হাজার ৯১০ মেট্রিক টন এবং এমওপির চাহিদা ৯৩ হাজার ৬৫৪ মেট্রিক টন। তিন ধরনের নন-ইউরিয়া সারের মোট চাহিদা দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৬১৬ মেট্রিক টন এবং সমপরিমাণ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।
টিএসপির পুরো ৭০ হাজার ৫২ মেট্রিক টন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বা বিএডিসির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএপির ১ লাখ ৫০ হাজার ৯১০ টনের মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন বা বিসিআইসি ১ হাজার টন এবং বিএডিসি ১ লাখ ৪৯ হাজার ৯১০ টন বরাদ্দ করেছে। এমওপির ৯৩ হাজার ৬৫৪ মেট্রিক টনও জেলাভিত্তিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।
এবারের ব্যবস্থাপনায় কেন্দ্রীয়ভাবে একই পরিমাণ সার না দিয়ে প্রতিটি জেলার মাঠপর্যায়ের চাহিদা বিবেচনায় আলাদা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। কৃষিপ্রধান এলাকাগুলোতে স্থানীয় উৎপাদন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তুলনামূলক বেশি সার বরাদ্দ রাখা হয়েছে।
টিএসপির ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও রংপুরের মতো কৃষিনির্ভর জেলাগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণ সার বরাদ্দ রাখা হয়েছে।
এমওপি সারের ক্ষেত্রেও কৃষিপ্রধান জেলাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বগুড়ায় ৪ হাজার ৫৪০ মেট্রিক টন, রাজশাহীতে ৩ হাজার ৯৬০ মেট্রিক টন, পাবনায় ২ হাজার ৪৮৩ মেট্রিক টন, নওগাঁয় ২ হাজার ২৬৯ মেট্রিক টন এবং নাটোরে ১ হাজার ৯০০ মেট্রিক টন এমওপি বরাদ্দ রয়েছে।
সার সরবরাহ স্বাভাবিক রাখতে শুধু মাসিক বরাদ্দের ওপর নির্ভর না করে আগাম মজুত ও আমদানির পরিকল্পনাও করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, রবি ও বোরো মৌসুমে সারের মোট চাহিদা ৩৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন। এর বিপরীতে প্রস্তুত সরবরাহ রয়েছে ৫১ লাখ ৭১ হাজার মেট্রিক টন, যা চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি।
গত ৯ সেপ্টেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে বেলারুশ থেকে ৩০ হাজার টন এমওপি, মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া আমদানির কথা রয়েছে। এর আগে আগস্টেও বিভিন্ন উৎস থেকে আরও ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছিল।
৯ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, দেশে ইউরিয়া ৪ লাখ ১৮ হাজার টন, টিএসপি ৩ লাখ ৪৩ হাজার টন, ডিএপি ৩ লাখ ২ হাজার টন এবং এমওপি ১ লাখ ৭৮ হাজার ৯০০ টন মজুত ছিল। পাশাপাশি পরিবহনের পথে ছিল টিএসপি ১ লাখ ২৮ হাজার ২০০ টন, ডিএপি ১ লাখ ১৪ হাজার ৬০০ টন এবং এমওপি ১ লাখ ৮৯ হাজার ৪০০ টন।
সরকারি পরিকল্পনায় সার বিতরণের পাশাপাশি মাঠপর্যায়ের মনিটরিংয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ৬৪ জেলায় সার মনিটরিং সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দপত্রে ডিলারদের উপজেলা পর্যায়ের বরাদ্দ সমহারে উপ-বরাদ্দ দেওয়া, নির্ধারিত সময়ে টাকা জমা দিয়ে সার উত্তোলন এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বাসসকে জানিয়েছেন, সার ব্যবস্থাপনায় চাহিদাভিত্তিক পরিকল্পনা, আগাম প্রস্তুতি এবং মাঠপর্যায়ে সরবরাহ পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খানও জানিয়েছেন, অক্টোবরের জন্য টিএসপি, ডিএপি ও এমওপির চাহিদার বিপরীতে শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
এই ব্যবস্থার লক্ষ্য হলো কৃষকের প্রয়োজনের সময়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থায় ঘাটতি বা অনিয়মের ঝুঁকি কমানো। তবে বরাদ্দের পাশাপাশি সার যথাসময়ে মাঠপর্যায়ে পৌঁছানো এবং নির্ধারিত দামে কৃষকের কাছে বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় বাস্তবায়নের ওপরও কার্যক্রমটির ফল নির্ভর করবে।
স্বদেশ প্রতিদিন/এস পি