
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ডেঙ্গু ফ্রি ডিইউ ফটো হান্ট’ কর্মসূচি। আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উদ্যোগ।
ঢাবি সিভিক ইনিশিয়েটিভের আয়োজনে ‘ফাইন্ড. ক্লিক. রিপোর্ট’ প্রতিপাদ্যে কর্মসূচিটি পরিচালিত হবে। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ছবি ও তথ্যের মাধ্যমে সেগুলো তুলে ধরতে পারবেন।
আবাসিক হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন জমে থাকা পানি, ফুলের টবের পাত্র, পরিত্যক্ত সামগ্রীসহ বিভিন্ন পানিবদ্ধ স্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অংশগ্রহণকারীদের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানের ছবি তুলে এর সঙ্গে অবস্থান, সমস্যার সংক্ষিপ্ত বিবরণ এবং জায়গাটি দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখার বিষয়ে নিজেদের পরামর্শ দিতে হবে। এরপর নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে ছবিটি নিজেদের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করতে হবে।
নির্ধারিত হ্যাশট্যাগগুলো হলো— #FindClickReport, #DengueFreeDUCampus এবং #DhakaUniversityCivicInitiative।
আয়োজকদের মতে, এটি শুধু একটি ফটো প্রতিযোগিতা নয়; শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত একটি ‘ক্রাউডসোর্সড ক্যাম্পাস রিপোর্টিং ইনিশিয়েটিভ’। এর মাধ্যমে ক্যাম্পাসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত চিহ্নিত করার পাশাপাশি সচেতনতা তৈরি করা সম্ভব হবে।
বিজয়ী নির্বাচন করা হবে পোস্টে পাওয়া লাইক, কমেন্ট ও শেয়ারের সম্মিলিত সংখ্যার ভিত্তিতে। পাশাপাশি ছবির প্রাসঙ্গিকতা, সমস্যার গুরুত্ব, অবস্থান শনাক্তকরণের নির্ভুলতা এবং স্থায়ী সমাধান নিয়ে দেওয়া মতামতও মূল্যায়ন করা হবে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে ১২ হাজার, ৮ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের বই ও গাছের চারা দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য থাকবে ‘ইউনিভার্সিটি হিরো সার্টিফিকেট’।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
উদ্যোগের বিষয়ে তরিকুল ইসলাম তারিক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, শিক্ষার্থীদেরও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতে, একটি ছবি বা তথ্য সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের প্রতি দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা এবং নাগরিক অংশগ্রহণের সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্বদেশ প্রতিদিন/এস পি