প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম

রাজস্ব ঘাটতি কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দরপত্র দাখিল সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোর জন্যও দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পার্বতীপুর-রংপুর রুটে চলাচল করা ‘রমনা কমিউটার’ ট্রেনের দরপত্র দাখিল হয়েছে। একইভাবে বোনারপাড়া জংশন থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করা ‘রামসাগর মেইল’, লালমনিরহাট থেকে বুড়িমারী রুটের ‘বুড়িমারী কমিউটার’ এবং পার্বতীপুর থেকে লালমনিরহাট রুটের ‘লালমনি কমিউটার’ ট্রেনের দরপত্রও পড়েছে।
পরবর্তী ধাপে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ‘পূর্ণভবা’ ও ‘মল্লিকা’ ট্রেনের দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে ছয়টি আন্তর্জাতিক ট্রেন, ৬২টি আন্তনগর ট্রেন, ৫৫টি মেইল ও কমিউটার ট্রেন এবং ১২টি লোকাল ট্রেন চলাচল করছে। এর মধ্যে ইতোমধ্যে ২৪টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে ইজারা দেওয়া হয়েছে।
ইজারা দেওয়া এসব ট্রেন থেকে প্রতি মাসে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা আয় করছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এবার আরও ১১টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার মাধ্যমে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, লোকাল ট্রেন থেকে তুলনামূলক কম আয় হয়। এর অন্যতম কারণ যাত্রীদের টিকিট কিনতে অনীহা। পাশাপাশি সব মেইল ও লোকাল ট্রেনে নিয়মিত টিকিট পরীক্ষা করার মতো পর্যাপ্ত জনবল রেল কর্তৃপক্ষের নেই। এতে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে।
রেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বেসরকারি অপারেটরের মাধ্যমে টিকিট ব্যবস্থাপনা ও ট্রেন পরিচালনায় শৃঙ্খলা আনা গেলে রাজস্ব আদায় বাড়তে পারে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়নও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়েতে সাত জোড়া বা ১৪টি ট্রেন বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। নতুন করে আরও ১১টি ট্রেন ইজারা দেওয়ার মাধ্যমে রেলের রাজস্ব আয় বাড়ানো এবং লোকসান কমানোর চেষ্টা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি