
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২১টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
ঘোষিত সূচি অনুযায়ী, বি ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মার্চ, সি ইউনিট (বাণিজ্য) পরীক্ষা ২০ মার্চ এবং এ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। এছাড়া ডি ইউনিট (আর্কিটেকচার) পরীক্ষা হবে ২০ মার্চ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
বি, সি ও এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে ডি ইউনিটের পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অনলাইন প্ল্যাটফর্মে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ জানান, এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হতে পারে বলেও সভায় জানানো হয়েছে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। নতুন শিক্ষাবর্ষে সেই সংখ্যা বাড়িয়ে ২১টি করা হয়েছে। তবে আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে।
গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো
ইসলামী বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নওগাঁ বিশ্ববিদ্যালয়
এদিকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি বর্তমানে শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। গুচ্ছে যুক্ত হলে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমও সমন্বিত পদ্ধতিতে পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি