প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ পিএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটি ধ্বংস করে বলে জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে বলেন, ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান এবং সেখানে থাকা মুসল্লি ও হজযাত্রীদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আল-মালিকির দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলেও দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুতি মুখপাত্র হাজেম আল-আসাদ মক্কায় হামলার অভিযোগকে ‘পুরোনো মিথ্যা’ বলে দাবি করেছেন।
মক্কার কাছে ড্রোনের ঘটনাকে কেন্দ্র করে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)ও প্রতিক্রিয়া জানিয়েছে। ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এই জোট ঘটনাটির নিন্দা করেছে এবং সৌদি আরবের বিরুদ্ধে চলমান হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। মক্কাসহ কয়েকটি শহরও এই সতর্কতার আওতায় রয়েছে। ইরান-সমর্থিত যোদ্ধাদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি কর্তৃপক্ষ এসব সতর্কতা জারি করে।
নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের ‘পুনর্বিবেচনা’ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। মার্কিন নাগরিকদের জন্য জারি করা সতর্কবার্তায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইয়েমেন সীমান্তে সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ওই এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু এলাকার নিয়ন্ত্রণ হুতিদের হাতে রয়েছে। ওই অঞ্চল বাব আল-মান্দাব প্রণালির দিকে মুখ করে আছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানির একটি অংশ পরিবহন করা হয়।
গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালানোর দাবি করেছে হুতিরা। সোমবার একটি বিমানঘাঁটিতে হামলার দাবিও করেছে তারা। হুতিদের বক্তব্য, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।
মক্কার মতো ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি এমন কোনো সামরিক ঘটনা আঞ্চলিক উত্তেজনার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে। তবে ড্রোনটি কার ছিল এবং সেটির প্রকৃত লক্ষ্য কী ছিল—এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পরস্পরবিরোধী।
স্বদেশ প্রতিদিন/এস পি